কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই বন্ধুর মধ্যে রাতে ঝগড়ার পর সোহান (২৩) নামে এক যুবক গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় আহত হয়েছেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর একই মসজিদের ইমাম মো. শামীম (২৫)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের ইছাম উদ্দিনের বাড়ির নূরানী জামে মসজিদের পাশের ইমামের কক্ষ থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়।
শামীম মিয়া ওই মসজিদের ইমাম ছিলেন। তিনি একই মসজিদের মোয়াজ্জিন ফরিদ মিয়ার ছেলে। আহত সোহান জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মৃত সৈয়দ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম ও সোহান ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং নিয়মিত একসঙ্গে চলাফেরা করতেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে মসজিদের ভেতরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে সোহানকে গলাকাটা, রক্তাক্ত ও উলঙ্গ অবস্থায় মসজিদের সামনে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মনি আক্তার জানান, রাতে মসজিদের পাশ থেকে হৈচৈ ও ধস্তাধস্তির শব্দ শুনে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হন। বাইরে লাইট জ্বালিয়ে সোহানকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করে পরিবারের সদস্যদের ডাকেন।
মনি আক্তারের ভাশুর আজিজ মিয়া বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রী আমাকে ডেকে ঘটনাটি জানালে আমি মসজিদের সামনে যাই। সেখানে সোহানকে রক্তাক্ত অবস্থায় মসজিদের গেটের পাশে বসে থাকতে দেখি। তাঁর পাশেই ইমাম শামীম বসা ছিলেন। সোহানের এ অবস্থা কীভাবে হলো জানতে চাইলে সে (সোহান) ইমাম শামীম তাকে এভাবে মারধর করেছেন বলে জানায়।
পরে স্থানীয়রা সোহানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় শামীমকে বাড়িতে চলে যেতে বলা হয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে শামীমকে বাড়িতে চলে যেতে বলে তিনি সোহানকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাড়িতে ফোন করে তাঁকে জানানো হয়, মসজিদের পাশের ইমামের কক্ষে শামীমের ঝুলন্ত লাশ দেখা গেছে।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।