কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার লক্ষিয়া উচ্চ বিদ্যালয় ও বাহাদিয়া উচ্চ বিদ্যালয় এই দুটি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও মূল্যবোধের চর্চা বাড়ানোর লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগ ও অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে স্টোর দুটির উদ্বোধন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। পরে তিনি সততা সংঘের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।
এতে অন্যদের মধ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামছুন নাহার বক্তব্য দেন। এছাড়া স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে. এম. মহিবুল্লাহ বচ্চন, সাংবাদিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবু হানিফ, লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন মিলন এবং বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুপম দাস বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা গড়ে তুলতেই ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। এসব স্টোরে খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণের পাশাপাশি চিপস, কেক, বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন পণ্য রাখা হয়েছে।
তিনি বলেন, ‘সততা স্টোরে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য নিয়ে পণ্যের গায়ে লেখা মূল্য দেখে নিজেরাই নির্ধারিত মূল্য পরিশোধ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সততা, দায়িত্ববোধ ও আত্মনির্ভরতার মানসিকতা তৈরি হবে।’
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বাস্তব জীবনে সততার চর্চায় অভ্যস্ত করে তোলা এবং দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার অংশ হিসেবে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।