বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন, স্ত্রীসহ তিনজন খালাস

স্টাফ রিপোর্টার | অপরাধ
আগস্ট ১৭, ২০২৬
বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন, স্ত্রীসহ তিনজন খালাস

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর আবু বাক্কার সিদ্দিক হত্যা মামলায় তার ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া মামলার অপর তিন আসামি নিহতের স্ত্রী মোছা. আছিয়া খাতুন, আরেক ছেলে মো. জাবেদ ও পুত্রবধূ মোছা. ময়না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি সেলিম পলাতক রয়েছে। সে হত্যাকাণ্ডের শিকার কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পযশোদল ভুবিরচর গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে তাঁর স্ত্রী আছিয়া খাতুনের পারিবারিক কলহ চলছিলো। একপর্যায়ে আবু বাক্কার সিদ্দিক স্ত্রী আছিয়া খাতুনকে মারধর করেন। এ নিয়ে স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূর সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে ২০১৫ সালের ৩০ জুলাই দিবাগত রাতে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় আবু বাক্কার সিদ্দিকের ঘরে আসামিরা ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে হত্যা করে। পরে লাশ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আবু হানিফ বাদী হয়ে ২০১৫ সালের ৩১ জুলাই কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলায় সেলিম মিয়া, মোহাম্মদ জাবেদ, মোছা. আছিয়া খাতুন ও ময়না খাতুনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ জাহাঙ্গীর আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরাধ'র অন্যান্য খবর

সর্বশেষ