কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মো. ইব্রাহিম (৬৫) ও আবুল হোসেন (২৮) নামে দুই ব্যক্তিকে গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
মোবাইল কোর্টে মো. ইব্রাহিম ও আবুল হোসেন দুজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডিতদের মধ্যে মো. ইব্রাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে এবং আবুল হোসেন জেলার কটিয়াদী উপজেলার উত্তর ফেকামারা গ্রামের ফজলুল হকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি’র নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর ‘ক’ সার্কেল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি পাড়া পড়ামন্দ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. ইব্রাহিম ও আবুল হোসেন এই দুজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি’র নিকট প্রসিকিউশন দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি মোবাইল কোর্টের মাধ্যমে উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।