কিশোরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে মানিক চন্দ্র সেন (৪০) ও রিপন সরকার (২৫) নামে দুই ব্যক্তিকে গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে মানিক চন্দ্র সেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা এবং রিপন সরকারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডিত মানিক চন্দ্র সেন কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার এলাকার মৃত মতিলাল চন্দ্র সেন এর ছেলে এবং রিপন সরকার নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার গাবিনা গ্রামের রতন সরকারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি’র নেতৃত্বে জেলা পুলিশ কিশোরগঞ্জ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর ‘ক’ সার্কেল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের জাহাঙ্গীর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মানিক চন্দ্র সেন ও রিপন সরকারকে আটক করা হয়।
তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করেন।