কিশোরগঞ্জে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার | অপরাধ
নভেম্বর ৪, ২০২৬
কিশোরগঞ্জে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে চার কেজি গাঁজাসহ মোহাম্মদ রাসেল মিয়া (৩৪) ও মো. আব্দুর রহিম (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার এলাকায় ঈসাখাঁ ট্রান্সপোর্ট অফিসের পশ্চিম পাশে সড়কের উপর থেকে এসব গাঁজাসহ তাদের আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট শেখ শোয়েব ইবনে রেজা’র নেতৃত্বে জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের 'ক' সার্কেল এই মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মোহাম্মদ রাসেল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে এবং মো. আব্দুর রহিম একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট শেখ শোয়েব ইবনে রেজা’র নেতৃত্বে জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের 'ক' সার্কেল বুধবার (৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে ঈসাখাঁ ট্রান্সপোর্ট অফিসের পশ্চিম পাশে সড়কের উপর থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাসেল মিয়া ও মো. আব্দুর রহিমকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

অপরাধ'র অন্যান্য খবর

সর্বশেষ