যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাকুন্দিয়ায় আনন্দ মিছিল

আবু হানিফ | পাকুন্দিয়া
অক্টোবর ২৮, ২০২৬
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাকুন্দিয়ায় আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, গাছের চারা বিতরণ, যুব গণজমায়েত ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

পাকুন্দিয়া ঐতিহাসিক ঈদগাহ ময়দান থেকে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে যুব গণজমায়েতে মিলিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন খানের সভাপতিত্বে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত যুব গণজমায়েতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।

এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সহ-সভাপতি জীবন চন্দ্র দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, কামাল উদ্দিন ও হাবিবুর রহমান দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জজ ও মোস্তফা কামাল জুয়েল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম উজ্জলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্যসচিব মশিউল হক উজ্জল যুব গণজমায়েত সঞ্চালনা করেন।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা ঐতিহাসিক ঈদগাহ ময়দানে জড়ো হন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ