পাকুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আবু হানিফ | পাকুন্দিয়া
অক্টোবর ৩১, ২০২৬
পাকুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুল করিমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হোসেন্দী বাজারে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে মাগরিবের নামাজের পর থেকেই স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কার্যালয়ে উপস্থিত হতে থাকেন। একপর্যায়ে উপস্থিত মানুষের পদচারণায় কার্যালয়টি পূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে হোসেন্দী বাজার বণিক সমিতির সভাপতি মাইন উদ্দিন, মাহাবুবুর রহমান শাহীন, নজরুল ইসলাম, দুলু মৌলভী, হোসেন্দী বাজার মসজিদের ইমাম আহসানুল কবির ও মসজিদের মুয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মো. রেজুয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বাজার বণিক সমিতির সভাপতি মাইন উদ্দিন বক্তব্য দেন। এরপর চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল করিম তাঁর বক্তব্যে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন দেশের জন্য কাজ করেছি। এখন নিজের গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। আমি জানি, এলাকার উন্নয়নে কী করতে হবে। তবে সবার আগে আপনাদের, অর্থাৎ সাধারণ মানুষ ও গ্রামবাসীর সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “আমি দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এবং দীর্ঘদিন ধরে গ্রামে প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। এলাকার উন্নয়নে আমি কী কী করতে চাই, তা লিফলেটে উল্লেখ করা আছে। আমি যদি এসব কাজ করতে না পারি, তাহলে আপনারা আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন—লিফলেটে কেন এসব কথা লিখেছিলাম।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে বলেন, “অনেক কথা বলেছি। আসুন, দোয়ার মাধ্যমে আমরা সবাই সামিল হই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাইকে ধন্যবাদ।”

পরে এলাকার উন্নয়ন ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ