সৌদি থেকে কটিয়াদীর রুবেলের লাশ দেশে, জানাজা সম্পন্ন

মাসুম পাঠান | কটিয়াদী
অক্টোবর ৩১, ২০২৬
সৌদি থেকে কটিয়াদীর রুবেলের লাশ দেশে, জানাজা সম্পন্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার রুবেল মিয়া (৩০) নামে এক যুবক সংসারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর আড়াই মাস পর শনিবার (৩১ অক্টোবর) সকালে কফিনবন্দি লাশ হয়ে দেশে ফিরলেন তিনি।

জানা যায়, এক বছর আগে ধারদেনা করে সৌদি আরবে গিয়েছিলেন রুবেল। সেখানে তিনি ফ্রি ভিসায় বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
গত ১৮ আগস্ট সৌদি আরবের জিজান শহরে কর্মরত অবস্থায় সড়কে একটি ট্যাংকারের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

রুবেল মিয়া উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে।

শনিবার দুপুর ২টার দিকে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে রেখে গেছেন।

নিহত রুবেলের বাবা মো. কাজল মিয়া জানান, একটু সুখের আশায় মানুষের কাছ থেকে ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। আজ আমার ছেলের কফিনবন্দি লাশ বাড়িতে ফিরেছে। আমি কি বলে নাতিকে সান্ত্বনা দেব।
কটিয়াদী উপজেলা যুবদলের সদস্য ও মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ফয়সাল আকন্দ জানান, রুবেল একজন ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারটি যেন এই শোক সইতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ