কটিয়াদীতে হাফেজ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

কটিয়াদী প্রতিনিধি | কটিয়াদী
অক্টোবর ৩১, ২০২৬
কটিয়াদীতে হাফেজ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জের কটিয়াদীতে হিফজুল কুরআন সম্পন্নকারী, দাওরায়ে হাদিস উত্তীর্ণ, হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মাওলানা শাব্বির আহমদ রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

মাওলানা মুফতি শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি উমর আহমদ, ফেকামার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ রউফ, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ছাঈদ আহমদ, মুফতি হাবিবুর রহমান জিহাদী, হাফেজ সিরাজুল হক খান, মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী ও হাজী ইউসুফ আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ জন, হিফজুল কুরআন সম্পন্নকারী ৩৫ জন, হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ২৮ জন, হামদ-নাত প্রতিযোগিতায় ৩ জন এবং ইসলামি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনকে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা, কোরআন হিফজ ও সাধারণ শিক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ