‘দক্ষ যুব গড়বে দেশ, নবপ্রজন্মের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও যুবকদের মধ্যে ২০ লাখ ২০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পাকুন্দিয়ার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইদ্রিস আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক হোসেন রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস ছাওার ও মো. এমদাদুল হক মাসুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে মোট ২০ লাখ ২০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন উপকারভোগী যুবকদের হাতে এসব চেক তুলে দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যকর ভূমিকা রাখছে। বর্তমান যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়েও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতীয় যুব দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।