‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠুক আগামীর প্রজন্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস), ঢাকার উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার ৩৫টি স্কুল ও মাদ্রাসার ৪৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার উদ্দিন (মানিক)। হল সুপারের দায়িত্বে ছিলেন পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রুহুল আমীন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক এবং পাকুন্দিয়া মডেল মাদ্রাসার প্রধান মো. মোজাহিদ।
এ সময় সংশ্লিষ্টরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।