ভৈরবে ইয়াবা নিয়ে আটক নারীসহ ‍দুইজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | ভৈরব
আগস্ট ২৫, ২০২৬
ভৈরবে ইয়াবা নিয়ে আটক নারীসহ ‍দুইজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে শম্পা ইসলাম (২৮) নামে এক নারীসহ দুইজনকে ইয়াবাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ‍দুপুরে ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডিত আরেকজন হচ্ছে, মো. রুবেল মিয়া (৩১)। তাদের মধ্যে শম্পা ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার ৫০০ টাকা জরিমানা এবং মো. রুবেল মিয়াকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত শম্পা ইসলাম ভৈরবের কমলপুর আমলাপাড়ার মো. সমসের আলীর মেয়ে এবং মো. রুবেল মিয়া একই এলাকার মৃত জাহিদ হোসেন ভোলা মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হকের নেতৃত্বে আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল মঙ্গলবার (২৫ আগস্ট) ‍দুপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে ভৈরবের কমলপুর আমলাপাড়া থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শম্পা ইসলাম ও মো. রুবেল মিয়াকে আটক করা হয়। এর মধ্যে শম্পা ইসলামের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মো. রুবেল মিয়ার কাছ থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হকের নিকট প্রসিকিউশন দায়ের করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক মোবাইল কোর্টের মাধ্যমে শম্পা ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড এবং মো. রুবেল মিয়াকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভৈরব'র অন্যান্য খবর

সর্বশেষ