কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মাসুম পাঠান | কটিয়াদী
সেপ্টেম্বর ২১, ২০২৬
কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু এবং কটিয়াদী পৌর ছাত্রলীগের সভাপতি মো. মাহফুজ।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তাদের মধ্যে তরিকুল ইসলাম টিটু মুমুরদিয়া ইউনিয়নের বেথইর গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত সাইফুল ইসলামের ছেলে।

অন্যদিকে মাহফুজ কটিয়াদী পৌরসভার বাগরাইট মহল্লার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরে বিশেষ অভিযান চালিয়ে তরিকুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কটিয়াদী পৌর ছাত্রলীগের সভাপতি মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, মাহফুজের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় দুটি মামলা রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন প্রচার চালানো এবং তার নেতৃত্বে কটিয়াদীতে ছাত্রলীগের মিছিল করার অভিযোগ রয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তরিকুল ইসলাম টিটুকে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ শহর থেকে এবং মাহফুজকে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার করা হয়।

মাহফুজকে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ