ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

স্টাফ রিপোর্টার | ইটনা
অক্টোবর ১, ২০২৬
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কিশোরগঞ্জে ইটনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপি জেলা আহ্বায়ক কমিটির দপ্তর এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

পত্রে মো. নাজমুল ঠাকুরকে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

পত্রে বলা হয়, মো. নাজমুল ঠাকুরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

পত্রে আরো বলা হয়- অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক শেখ খায়রুল কবির এর নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী মো. নাজমুল ঠাকুরকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

এদিকে মো. নাজমুল ঠাকুর তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ফেক বলে দাবি করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “প্রিয় সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে,সম্প্রতি মানহানির উদ্দেশ্যে আমার নামে একটা ফেইক ও অস্পষ্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আপনারা সবাই অবগত, ইটনার কিছু অমীমাংসিত বিষয়ে আমি হস্তক্ষেপ করেছি যেটা দেশ ও মানুষের কল্যাণে; এসবের প্রেক্ষিতে একটা শ্রেণি আমার বিপক্ষে ষড়যন্ত্র করে যাচ্ছে; অযাচিত ও ফেইক ভিডিও সেই ষড়যন্ত্রের অংশ। ভিডিওতে দাবি করা ব্যক্তি আমি নই।

মেটাডাটা ও ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করে সঠিক তথ্যের জন্য ভিডিও পাঠানো হয়েছে। শীঘ্রই রিপোর্ট হাতে আসবে। সেই পর্যন্ত সবাইকে সঠিক তথ্যের জন্য অপেক্ষা করার অনুরোধ করা হলো।”

ইটনা'র অন্যান্য খবর

সর্বশেষ