শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরেপড়া রোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঁঞা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।
সভায় পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মুজিবুর রহমান, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার উদ্দিন মানিক, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরেপড়ার কারণ চিহ্নিত ও প্রতিরোধ, পাঠদানের মান বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দক্ষতা অর্জনও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। আর্থিক, পারিবারিক বা অন্য কোনো কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ঝরেপড়া রোধে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।