কটিয়াদীতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শিক্ষক-ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

মাসুম পাঠান | কটিয়াদী
অক্টোবর ৮, ২০২৬
কটিয়াদীতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শিক্ষক-ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদেরকে আহত করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রাম ও পৌরসভার বেথইর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, কটিয়াদী পৌর মহিলা বিএম কলেজের প্রভাষক মো. ছোটন মিয়া (৩২), মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের (পিপুলিয়া) সদস্য মো. সামসুদ্দিন (৩৫), কটিয়াদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এনামুল হক ইস্তি (১৯), বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মো. বাইজিদ ইসলাম (২৬) এবং বেথইর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী জুঁই আক্তার (২৮)।

তাদেরকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) কটিয়াদী পৌরসভার বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ইলমা আক্তার নামে এক শিক্ষার্থীকে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে প্রিয়া আক্তার (২৪) নামে এক নারীকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে আটক নারী প্রিয়া আক্তারকে পুলিশ পিকআপ ভ্যানে উঠিয়ে থানায় নিয়ে আসার সময় উত্তেজিত জনতা হামলা চালায়। এতে কর্তব্যরত চার পুলিশ আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। হামলায় জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উল্লেখিত পাঁচজনকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সরকারি কর্তব্য কাজে বাধা, পুলিশের গাড়ি ভাংচুর ও কর্তব্যরত পুলিশের উপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ