কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোয়াজ্জেম হোসেন নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া মোয়াজ্জেম হোসেন কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুরের শান্তি মোড় এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরএকটি আকস্মিক ঝটিকা মিছিল হয়। এ ঘটনায় কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম বাদী হয়ে ১৪ অক্টোবর থানায় মামলা করেন।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলাটির এফআইআর নম্বর ৯।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) রাতে মোয়াজ্জেম হোসেনকে তার বাড়ির সামনে থেকে আটক করে পুলিশ। আটকের পর স্থানীয় কিছু আওয়ামী সামর্থক ১নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা করতে এগিয়ে যান এবং হুমকি ধামকি দেন। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপটি সটকে পড়ে।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরশ মিয়া বলেন, কোনো অবস্থাতেই নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি ঘোলাটে করার আগে আমরা এসে নিয়ন্ত্রণ নেই এবং পুলিশ ফোর্স খবর দেই।
এ ঘটনায় আলদা কোনো অভিযোগ বা মামলা হয়নি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।