স্বাদে সেরা শরবতি লেবু

নূর আলম গন্ধী | কৃষি
আগস্ট ২, ২০২৬
স্বাদে সেরা শরবতি লেবু

ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল শরবতি লেবু। শরবত হিসেবে এ লেবু খুবই উৎকৃষ্ট মানের এবং বিশেষ করে শরবতে ব্যবহারের জন্য মানুষজন এ লেবু চাষ করে থাকেন। দেশের প্রায় সর্বত্রই কম-বেশি জন্মে। তবে বেশি জন্মে পাহাড়ি এলাকা ও দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে।

শরবতি লেবু অঞ্চলভেদে মুসাম্বি লেবু, মৌসাম্বি লেবু নামেও পরিচিত। এর ইংরেজি নাম Sweet Lime, উদ্ভিদতাত্ত্বিক নাম Citrus limettoides। গাছ উচ্চতায় সাধারণত ১০-১২ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে।

কাঠ শক্ত মানের, বাকল রঙে সবুজাব-ধূসর, শাখা-প্রশাখা বিস্তৃত। পাতা মাল্টা পাতা সদৃশ, আকারে ডিম্বাকার, লেবু পাতার চেয়ে আকারে বড়, রঙে সবুজ, লম্বায় ১০-১২ সেন্টিমিটার, চওড়ায় ৬-৭ সেন্টিমিটার হয়ে থাকে।

ফল মাল্টা ফল সদৃশ, আকারে গোলাকার, বেশ রসালো, স্বাদে মিষ্টি, কচি ফল রঙে সবুজ, পরিপক্ক ফল রঙে হালকা সবুজ হয়। ফুল শাখা-প্রশাখার অগ্রভাবে গুচ্ছাকার বা একক ভাবে ধরে। ফুলে মাংসল বৃত্যাংশ ৫ টি, রঙে সাদা ও মাঝে হলুদ রঙের পরাগ ও গর্ভদণ্ড থাকে।

গাছে ফুল ধরার মৌসুম ফেব্রুয়ারি-মার্চ মাস, ফল পরিপক্ক হয় জুন-জুলাই মাসে এবং ফল পাওয়া যায় অক্টোবর মাস পর্যন্ত। ফলের উপরি অংশ খোসা, ভেতরের অংশে থাকে রসালো-নরম শাঁস, ফলে বীজের পরিমাণ খুবই কম, বীজ আকারে লম্বাটে ও লেবু বীজ সদৃশ, রং লালচে-সাদা। ফল ওজনে সাধারণত ১৫০-২০০ গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে।

দেশীয় ও অন্যান্য জাতের পাশাপাশি আমাদের দেশে চাষকৃত উন্নত জাতের শরবতি লেবুর মাঝে বারি থেকে উদ্ভাবিত ‘বারি মিষ্টি লেবু-১’ উল্লেখযোগ্য।

বীজ ও কলম চারার মাধমে বংশ বিস্তার সম্ভব। তবে কলম চারার গাছে দ্রুত সময়ের মাঝে ফুল-ফল ধরে। সরাসরি মাটি ও ছাদ বাগানের টবে চাষ উপযোগী। প্রায় সব ধরনের মাটিতে জন্মে, তবে পানি নিকাশের উত্তম ব্যবস্থা সম্পন্ন উঁচু থেকে মাঝারি উঁচু ভূমি এবং মধ্যম অম্লীয় হালকা দো-আঁশ থেকে দো-আঁশ মাটিতে বেশি ভালো জন্মে।

শরবতি লেবুর রয়েছে নানাবিধ উপকারিতা ও পুষ্টিগুণ। শরবতি লেবু ফলে বিদ্যমান রয়েছে খাদ্যশক্তি, আমিষ, চর্বি, শর্করা, ক্যালসিয়াম, খনিজ পদার্থ, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, ভিটামিন-বি ও ভিটামিন-সি উল্লেখযোগ্য। তবে বেশি পরিমাণে পাওয়া যায় পটাসিয়াম ও ভিটামিন-সি।

শরবতি লেবু ফলের উপকারি দিগুলোর মাঝে- হাঁপানি কমায়, হজম শক্তি বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিহত করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ও শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে, ত্বক ও চুল সজীব রাখে, দাঁতের গোড়া ও মাড়ি মজবুত করে, হাড় মজবুত করে, জ্বর-সর্দি ও ঠাণ্ডা কাশি উপশম করে, শরীর ও মনকে সজীব রাখে ও বিষন্নতা কমায়।

শরবতি লেবু ফলের এ ছবিটি ক্যামেরাবন্দি করি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নন্দিপুর গ্রামের আলতু মিয়ার বসতবাড়ি থেকে।

কৃষি'র অন্যান্য খবর

সর্বশেষ