ভেষজ উদ্ভিদ ভুঁই আমলা

নূর আলম গন্ধী | কৃষি
সেপ্টেম্বর ২৪, ২০২৬
ভেষজ উদ্ভিদ ভুঁই আমলা

ভুঁই আমলা ভেষজগুণে অনন্য এক উদ্ভিদ। রয়েছে এর নানাবিধ ভেষজগুণাগুণ ও ব্যবহার। এটি ছোট আকারের বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। আমাদের দেশের প্রায় সর্বত্রই কম-বেশি জন্মে। বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন অঞ্চলে জন্মে।

উষ্ণ আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল থেকে হালকা ছায়াযুক্ত স্থান এবং উঁচু ভূমি ও প্রায় সব ধরনের মাটিতে জন্মাতে দেখা যায়। বাংলার প্রকৃতিতে শীতকাল বাদে প্রায় সারা বছরজুড়ে বলা চলে অযত্ন ও অবহেলার মাঝেও আগাছার মতো বসতবাড়ির আশে পাশে, বসতবাড়ি বাগান, ছাদ বাগানের টবে, রাস্তার ধারে, ফসলি জমি ও জমির আলে এবং পতিত স্থানে এর দেখা পাওয়া য়ায়।

তবে অধিক বেশি দেখা মিলে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এরা কোথাও একত্রে বহু গাছ এবং কখনও-বা নানান স্থানে বিচ্ছিন্ন ভাবে জন্মাতেও দেখা যায়। এর পরিবার  Phyllanthaceae, উদ্ভিদতাত্ত্বিক নাম  Phyllanthus niruri।

ছোট-খাট গাছ হলেও গাছ অধিক শাখা-প্রশাখাযুক্ত, সোজা উপরের দিকে বাড়ে। উচ্চতায় সাধারণত ১৮ থেকে ২০ ইঞ্চি লম্বা হয়ে থাকে এবং গাছ খুব বেশি শক্ত মানের হয় না। গাছের পাতা রঙে সবুজ, আকারে ছোট ও ডিম্বাকার, তেঁতুল পাতা ও আমলকী পাতা সদৃশ, বোঁটায় পাতাগুলো সুবিন্নস্থভাবে সাজানো থাকে। পাতার বোঁটা লম্বায় ৮-১০ সেন্টিমিটার হয়ে থাকে। এর গাছের পাতার বোঁটা, শাখা-প্রশাখা ও কা- সবুজাব থেকে লালচে রঙের হয়।

পাতার বোঁটার নিচ প্রান্তে সারিবদ্ধভাবে ফুল-ফল ধরে। ফল আকারে আমলকী সদৃশ, তবে তুলনামূলক খুবই ক্ষুদ্র ও গোলাকার। এর কচি ফল রঙে সবুজ এবং পরিপক্ক ফল রঙে হালকা বাদামি ও শক্ত হয়। ফলের বীজের মাধ্যমে বংশ বিস্তার ঘটে।

প্রাচীনকাল হতে ভুঁই আমলা ভেষজ ও আয়ুর্বেদিক চিকিৎসায় বহুল ব্যবহার হয়ে আসছে। এর গাছের পাতা, কাণ্ড, শেকড় ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। বলা চলে গাছের সমস্ত অংশই ভেষজগুণাগুণ সম্পন্ন।

ভেষজ গুণাগুণ বিবেচনায় ভুঁই আমলা- পোকা-মাকড়ের কামড়জনীত ক্ষত ও শরীরের নানাবিধ ক্ষত সারাতে কাজ করে, ত্বকের যত্নে উপকারী, হজমশক্তি বৃদ্ধি করে এবং বদহজম, অ্যাসিডিটি ও পেট ফাঁপা কমাতে সাহায্য করে, সর্দি, কাঁশি ও শ্বাসকষ্টে উপকারী, শরীরের ক্ষতিকর টক্সিন বিনষ্ট করে, যকৃতের কার্যকারিতা উন্নত করে, কিডনির পাথরজনীত সমস্যায় উপকারী, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া পেটের অসুখ, জন্ডিস এবং আমাশয় নিরাময়ে কাজ করে।

ভুঁই আমলা গাছের এ ছবিটি ক্যামেরাবন্দি করি হর্টিকালচার সেন্টার, গাইটাল, কিশোরগঞ্জ হতে।

# নূর আলম গন্ধী, উদ্ভিদ-কৃষি ও প্রকৃতি বিষয়ক লেখক

কৃষি'র অন্যান্য খবর

সর্বশেষ