মাদক থেকে দূরে থাকার শপথ নিলো ২০০ শিক্ষার্থী

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ১৩, ২০২৬
কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা

কিশোরগঞ্জে মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে ২০০ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জেলা শহরের কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় বিদ্যালয়টির ২০০ ছাত্র এই শপথ নেয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন এবং কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

এতে উপস্থিত ২০০ ছাত্রকে মাদকবিরোধী শপথ বাক্য করান প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।

এছাড়া আলোচনা সভায় ছাত্রদের মাঝে মাদকবিরোধী লিফলেট এবং মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে সচেতনতার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তারা মাদকের কুফল ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হলে তা পরিবার ও সমাজে ছড়িয়ে দিয়ে নিজ পরিবারের পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে মাদকমুক্ত পরিবার ও সমাজ তৈরির মাধ্যমে মাদকমুক্ত দেশ গড়া সম্ভব হবে।

আলোচনা সভায় বিদ্যালয়ে ছাত্ররা ছাড়াও শিক্ষক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের লোকজন উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ