কিশোরগঞ্জে পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়তে গ্রীন থার্সডে কর্মসূচি

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
সেপ্টেম্বর ১০, ২০২৬
কিশোরগঞ্জে পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়তে গ্রীন থার্সডে কর্মসূচি

‘পরিচ্ছন্ন বিদ্যালয়, সুন্দর ভবিষ্যৎ’- এই স্লোগানে কিশোরগঞ্জ সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে ‘গ্রীন থার্সডে’ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে সদর উপজেলা প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীন থার্সডে কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকণের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিন সকল বিদ্যালয়ে প্রতি বৃহস্পতিবার ‘গ্রীন থার্সডে’ পালনের আহ্বান জানান। যার উদ্দেশ্য ছিলো- শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে নিজ নিজ বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া।

জেলা প্রশাসকের এই আহ্বানে সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ‘গ্রীন থার্সডে’ পালন করা হয়। এর মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে আন্তরিকতা, উৎসাহ ও দায়িত্বশীলতার সঙ্গে সাড়া দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

এ কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষকদের দিকনির্দেশনা ও সহযোগিতায় ‘গ্রীন থার্সডে’ পরিণত হয়েছে একটি সুন্দর ও ইতিবাচক উদ্যোগে।

এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন- পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি আমাদের সম্মিলিত দায়িত্ব।

সংশ্লিষ্টরা বলছেন, এই কার্যক্রমের মাধ্যমে শুধু বিদ্যালয়ের পরিবেশই পরিচ্ছন্ন হয়নি; বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা ও নাগরিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয়েছে।

‘গ্রীন থার্সডে’ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ