কিশোরগঞ্জে রাতের আড্ডা থেকে ২৫ কিশোর আটক, অভিভাবকের মুচলেকায় মুক্তি

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
সেপ্টেম্বর ১৫, ২০২৬
কিশোরগঞ্জে রাতের আড্ডা থেকে ২৫ কিশোর আটক, অভিভাবকের মুচলেকায় মুক্তি

কিশোরগঞ্জ জেলা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও কিশোর অপরাধ কমাতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ চলমান রয়েছে। এর অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযানে ২৫ জন কিশোরকে বিভিন্ন আড্ডাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে তাদের সঙ্গে কথা বলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। সন্ধ্যার পর কোন কিশোর অপ্রয়োজনে কোথাও আড্ডা দেওয়া থেকে যেন বিরত থাকে এ ব্যাপারে তিনি পরামর্শ দেন।

পরে আটক করা কিশোরদের অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, কিশোরদের রাতের আড্ডা এবং অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকি বাড়তে থাকায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ উদ্যোগ নিয়েছেন। এ জন্যে রাতের বেলায় শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছে পুলিশ।

বিশেষ অভিযানের সময় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা তরুণদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিশোর এবং শিক্ষার্থীদের থানায় নিয়ে গিয়ে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়। মুচলেকার মাধ্যমে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অনেক অভিভাবক পুলিশের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে নিয়েছেন।

কিশোর গ্যাং এর তৎপরতার বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ইতিবাচক সাফল্যও পাওয়া যাচ্ছে।

এছাড়া পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে শহরজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এতে কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস বলে আমরা আশা করছি।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ