জনতার ধাওয়ায় ঘরের আড়ার উপর উঠে বাঁচার চেষ্টা

কটিয়াদীতে শিশুকে গলা টিপে হত্যাচেষ্টা মাদকাসক্ত যুবকের

মাসুম পাঠান | কটিয়াদী
সেপ্টেম্বর ১৫, ২০২৬
কটিয়াদীতে শিশুকে গলা টিপে হত্যাচেষ্টা মাদকাসক্ত যুবকের

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাকিব নামে এক মাদকাসক্ত যুবক রাতের আঁধারে অতিরিক্ত মাদক সেবন করে ভারসাম্য হারিয়ে ফেলে লঙ্কাকাণ্ড ঘটিয়েছে। সে ঘুমন্ত এক শিশুর গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসা যুবক রঞ্জন মিয়ার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে মাদকাসক্ত রাকিব। ফলে তার মাথা ফেটে যায়।

এ সময় তাদের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন এসে ধাওয়া দিলে মাদকাসক্ত রাকিব দৌড়ে গিয়ে ঘরের আড়ার (ধর্ণা) উপর লাফিয়ে উঠে লুকানোর চেষ্টা করে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের নখলা গ্রামে ঘটনাটি ঘটেছে। মাদকাসক্ত রাকিব মিয়া ওই গ্রামের মো. ফাইজ উদ্দিনের ছেলে।

উপস্থিত লোকজন মাদকাসক্ত রাকিবকে ঘরের ধর্ণার উপর থেকে নিচে নামানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে ব্যর্থ হয়।

এক পর্যায়ে তার শরীরে আঘাত করার ভয় দেখালে ঘরে থাকা কাঠের চৌকির উপর লাফিয়ে পড়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসানুদ্দিন দয়াল ও সাংগঠনিক সম্পাদক রুমান শাহ জানান, মাদকাসক্ত যুবক রাকিবের তাণ্ডবে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।

মাদকের প্রভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ওই যুবক গভীর রাতে এক নিকটাত্মীয়ের ঘরে ঢুকে একজনকে মারাত্মক জখম ও ঘুমন্ত অবস্থায় এক শিশুকে মেরে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে ধরা পড়ার ভয়ে ঘরের ধর্ণার উপর উঠে আত্মরক্ষার চেষ্টা করে।

এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ আধা ঘণ্টারও বেশি সময় ধরে ওই মানসিক ভারসাম্যহীন যুবককে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা চালান। তবে সে কারো কথায় সাড়া না দিয়ে ধর্ণার উপর থেকে নিচে থাকা চৌকির ওপর লাফিয়ে পড়ে। এতে তার মাথা ফেটে তীব্র রক্তপাত শুরু হয়।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ