কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি পাগলা শিয়ালের কামড়ে নয়জন নারী-পুরুষ ও ২টি গরু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পাড়া মন্ডলভোগ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- পাড়া মন্ডলভোগ গ্রামের মো. মোস্তফার স্ত্রী ছকিনা বেগম (৫০), আব্দুল মান্নানের স্ত্রী শামসুন্নাহার (৪৫), শিপন মিয়ার স্ত্রী হারিছা বেগম (৩৪), মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩০), রাকিবুল ইসলামের স্ত্রী জোছনা আক্তার (৩৮), উসমানের স্ত্রী জরিনা বেগম (৩৭), কেনু মিয়ার ছেলে সবুজ মিয়া (৫৫), আব্দুস সোবহানের ছেলে কাশেম আলী (৪৫) ও আব্দুল আহাদের ছেলে বোরহান মিয়া (৩৮)।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত শেয়ালটির অবস্থান শনাক্ত করে মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু সিদ্দিক জানান, একটি পাগলা শিয়াল চান্দপুর ইউনিয়নের পাড়া মন্ডলভোগ গ্রামে প্রথমে দুটি গরুকে কামড় দেয়। গরু দুটিকে রক্ষা করতে মালিকরা এগিয়ে গেলে শিয়ালটি তাদেরও আক্রমণ করে।
এরপর একে একে অন্তত নয়জন নারী-পুরুষকে কামড়ে আহত করেছে। আহতদের উদ্ধার করে চারজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ঈশা খান জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত ৩জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে।