কিশোরগঞ্জের কটিয়াদীর পল্লীতে গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মো. জালাল উদ্দিন নামে এক কৃষকের গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা গেছে। এ সময় দগ্ধ অবস্থায় আরও দুটি গরুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। আগুনে বসতঘরেরও আংশিক ক্ষতি হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জালাল উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়।
তাদের চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে গোয়ালঘর থেকে দগ্ধ অবস্থায় দুটি গরুকে উদ্ধার করা হয়।
কৃষক মো. জালাল উদ্দিন বলেন, গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে দুটি গরু পুড়ে মারা যায় এবং আরও দুটি গরু দগ্ধ হয়।
অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের ভিটিপাড়া ওয়ার্ডের সদস্য শামসুল আলম গোলাপ জানান, জালাল উদ্দিনের বাড়িতে আগুনে দুটি ঘর ও দুটি গরু পুড়ে গেছে। দগ্ধ অবস্থায় আরও দুটি গরু উদ্ধার করা হয়েছে।
আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে অফিসের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান।