‘শিক্ষকের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন’—এই প্রত্যয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সর্বস্তরের শিক্ষকবৃন্দের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঁইয়া, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মেদ মানিক, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. এমদাদুল হক মাসুদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
সভায় বক্তারা দেশের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দক্ষতা বিকাশে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, শিক্ষকদের আরও বেশি পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত দেশ গড়তে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও কারিগরি দক্ষতা অর্জনে সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে হবে।