দুই বছর পর পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন

আবু হানিফ | পাকুন্দিয়া
নভেম্বর ৩, ২০২৬
দুই বছর পর পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে হাসপাতালটিতে পুনরায় সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু করা হয়েছে।

প্রথমদিনই সফলভাবে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়েছে। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। একই দিনে সম্পন্ন হয়েছে আরও একটি ডি অ্যান্ড সি অপারেশন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার চণ্ডিপাশা এলাকার লিজা (৩০) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন হাসপাতালে সম্পন্ন হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। একই দিনে হাসপাতালে আরও একটি ডি অ্যান্ড সি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে প্রতি মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হবে। পাশাপাশি প্রতিদিন স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারি কার্যক্রমও চালু থাকবে।

দীর্ঘদিন পর হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম পুনরায় চালু হওয়ায় স্থানীয় প্রসূতি ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে উপজেলার দরিদ্র ও অসচ্ছল পরিবারের গর্ভবতী নারীরা সরকারি হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান সেবা পাওয়ার সুযোগ পাবেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ